গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫ , ১০:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

#

মর্গেতেও বেঁচে ছিলেন সালমান শাহ, বলছেন মা নীলা চৌধুরী

ঢালিউডের স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যু আজও রহস্যের আড়ালে। অভিনেতার মা নীলা চৌধুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন যে, সালমান শাহ মৃত্যুর পরও ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে বেঁচে ছিলেন।


সালমান শাহর মৃত্যুর দিনের কথা মনে করে সংবাদমাধ্যমে নীলা চৌধুরী দাবি করেন, সুপরিকল্পিতভাবে তাঁর ছেলেকে খুন করেছেন খুনিরা। ছেলের মৃত্যুর খবর পেয়ে যখন ওই ফ্ল্যাটে ছুটে যান, দেখেন অন্যদিনের চেয়েও বেশি পরিপাটি ছিল ওই দিনের ফ্ল্যাট। এটা কীভাবে সম্ভব, বলে প্রশ্ন ছোঁড়েন সালমানের মা।


আলাপচারিতার এক পর্যায় নীলা চৌধুরী বলেন, "ইমনের ফ্ল্যাটের ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল। ছেলের নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নিতে চেষ্টা করি, তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রিতা ও ইয়াসমিন নামে দুজন আমার পথ আগলে দাঁড়ায়। বলে, 'কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছো ওকে।' আমি তখন তাদের বলি, 'তুমি কে? আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। তুমি কে কথা বলার?'"


নীলা চৌধুরী আরও বলেন, "লিফট তখন নিচে নামে না। সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা। অনেক কষ্টে নিচে আসি। নিচে এসে বাদল খন্দকারকে দেখতে পাই। ওইদিন রাতে অনেক লোক ইমনের ফ্ল্যাটে ছিল। খাওয়া-দাওয়া হয়েছিল। এত মানুষের ভিড়ে আমার ছেলে আত্মহত্যা করলো কীভাবে?"


ক্ষোভ প্রকাশ করে সালমান শাহর মা বলেন, "প্রথমে ওর নিথর দেহ নিয়ে হলিফ্যামিলি যাই। আমি একজন রাজনীতিবিদ। আমাকে সবাই চেনে, সম্মান করে। কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি। জোর করে একজন ডাক্তারকে ডেকে আনি। তিনি বলেন, 'অ্যাম্বুলেন্স আছে। আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। ওনার ট্রিটমেন্ট এখানে হবে না।'"


এরপর অভিনেতার মা বলেন, "ঢাকা মেডিকেল যখন যাই, তখন ইমনের কোনো কিছু পরীক্ষা না করেই বলা হলো মারা গেছে। ময়নাতদন্ত করার আগে ইসিজি করতে হয়, এক্স-রে করতে হয়—কিছুই এরা করেনি। মর্গের এক সালমান ভক্ত ওর নিথর দেহ দেখে বলে 'সালমান তো মরে নাই'। তখন ওকে ওরা বলে, 'তাড়াতাড়ি সেলাই কর, তা না হলে তোর আমার মৃত্যু এভাবে হবে।'"


চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, "আমি চিকিৎসকদের কাছে জানতে চাই, আমার ছেলেকে যখন কাঠের বাক্সে তুললো, তখন আমি তো অনেক দূরে। আমাকে ওকে ধরতে দেওয়া হয়নি। কিন্তু আমি দেখেছি, সাদা কাপড়ের মধ্যে লাল রক্ত! এটা কেন? মৃত কারো রক্ত কি লাল হয়? কেন পালস চেক না করেই বলা হলো সালমান মারা গেছে? আমার তাই এখনো মনে হয়, মর্গেতেও বেঁচে ছিল আমার ছেলেটা।"


১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে মারা যান ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ খ্যাত সালমান শাহ। তাঁর মৃত্যুকে স্ত্রী সামিরা হক আত্মহত্যা দাবি করলেও নায়কের মা, বাবা ও পুরো পরিবারের দাবি এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।


দীর্ঘ ২৯ বছর মামলা চলমান থাকার পর অভিনেতার মৃত্যু রহস্য জানতে সম্প্রতি সালমান শাহর অপমৃত্যু মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। এ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক।