মোহাম্মদপুর থেকে পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী
রাজধানীর মোহাম্মদপুর থেকে পুলিশের খোয়া যাওয়া একটি শটগান এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বুধবার সন্ধ্যায় নবোদয় হাউজিং এলাকায় এক বিশেষ অভিযানে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ‘আই ডোন্ট কেয়ার’ নামে একটি গ্রুপের চার সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে কিছু ককটেল ও বোমাও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ও গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেই তথ্যের ওপর ভিত্তি করেই বছিলা আর্মি ক্যাম্পের সদস্যরা মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালান।
অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাস দমনে সেনাবাহিনী সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে চলবে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনী একটি শটগান ও ১৪ রাউন্ড গুলি তাদের কাছে হস্তান্তর করেছে।