প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ
আজিজুর রহমান ডল, জামালপুর থেকে: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।
শনিবার (১ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি নিজেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলে ঘোষণা দেন।
প্রেস ব্রিফিংয়ে এ কে এম ইহসানুল হক মঞ্জু বলেন, "আমি ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর হতে এ পর্যন্ত মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে চলছি। দুই উপজেলার রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নদী ভাঙনের ব্যবস্থা গ্রহণ, মসজিদ, মন্দির, গরিব-দুস্থ অসহায় মানুষের জন্য বিভিন্ন দপ্তর হতে বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থা করে আসছি। মানুষ আমার কাজসমূহ ইতিবাচক হিসেবে নিয়ে আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রার্থী হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছে।"
তিনি বলেন, "মানুষের চাহিদা পূরণের জন্য আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি। আমি আশা করছি মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার মানুষ আমাকে সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করব।"
তিনি আরও বলেন, "দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমার চেষ্টা অব্যাহত থাকবে।" তিনি বলেন, "বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আমার ওপর অনেক নির্যাতন করা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে। আমাকে চাকরি হতে ওএসডি করা হয়েছে, বিএনপি করার কারণে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। ৫ আগস্টের পরে আমাকে চাকরিতে পুনর্নিয়োগসহ সচিব পদে বকেয়া পদোন্নতি দিয়েছে। আমি অবসরে গিয়েছি। বর্তমানে এলাকার উন্নয়নের জন্য কাজ করছি। মানুষ আমার কাছে প্রত্যাশা করছে আমি যাতে এমপি প্রার্থী হই। এজন্যই আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দল মনোনয়ন দিলে আমি নির্বাচন করব।"
প্রেস ব্রিফিংয়ে মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।