মানিকগঞ্জে দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা
মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক মা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
নিহত ওই মায়ের নাম শেখা আক্তার (২৯)। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরী গ্রামে। তিনি তার দুই সন্তানকে নিয়ে পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। শেখার স্বামী শাহীন দেওয়ান ১১ আগস্ট মালয়েশিয়ায় গেছেন।
জানা গেছে, শেথা আক্তারের এটি দ্বিতীয় বিয়ে ছিল। তার আগের সংসারের ৮ বছরের একটি ছেলে রয়েছে এবং শাহীন দেওয়ানের সঙ্গে তার দুই বছরের একটি কন্যাসন্তান আছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরেই শেখা তার দুই সন্তানকে বিষ খাইয়ে দেন এবং পরে নিজে আত্মহত্যা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা একটি কক্ষের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।