প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ , ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ মোট পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রোববার (২ নভেম্বর) এই আদেশ দেন।
ট্রাইব্যুনাল মাহবুব উল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন। একই সাথে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মাহবুব উল আলম হানিফের মামলার অপর আসামিরা হলেন: কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। এই আসামিরা সবাই পলাতক আছেন। এরইমধ্যে আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়াও, আজ (২ নভেম্বর) চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, এই মামলায় ২০ জন সাক্ষ্য দিয়েছিলেন।