গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ , ০৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

#

লুট হওয়া অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, তথ্যদাতার পরিচয় থাকবে গোপন

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধারে দেড় লাখ টাকা, এলএমজি উদ্ধার করলে ৫ লাখ টাকা এবং প্রতি গুলির ক্ষেত্রে ৫০০ টাকা পুরস্কার দেয়া হবে। এ সময় তিনি নিশ্চিত করেন, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখা গেলে তা জানাতে হবে। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেকেই আত্মীয় পরিচয়ে সামনে আসছে। এমন কেউ পরিচয় দিলে তাৎক্ষণিকভাবে জানাতে হবে এবং রিপোর্ট করতে হবে।


গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।


পুলিশের একজন ভারতে আটক হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া বিজিবি-বিএসএফের মধ্যে আসামি বিনিময়ের একটি চুক্তি আছে, এর মাধ্যমেও ফেরানোর উদ্যোগ নেয়া হবে।


নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলের ওপর। যখন তারা নির্বাচনমুখী হয়ে যাবে, তখন সমস্যা অনেকটাই কমে আসবে। সবার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হবো।