প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ , ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। কারামুক্ত হতে তাঁর আর কোনো বাধা নেই। সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেওয়া জামিনের লিখিত আদেশ আসার পর আদেশ দেবেন আপিল বিভাগ। এর মধ্যে তিনি কারামুক্ত হতে পারবেন না বলে জানান আপিল বিভাগ।
এর আগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৬ নভেম্বর সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ থেকে তাঁরা জামিন পান।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ-৭১ নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিন-সহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানো হয়।