প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে ভবনটির ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় এই আগুন লাগে। ঘটনার পরপরই আগুনের ধোঁয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক হাসান আস'আরী ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য জোর তৎপরতা চলছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে একটি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।