গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ক্ষমতায় যেতে একটি ইসলামী দল ভারসাম্য হারিয়েছে: রিজভী

ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল 'ভারসাম্য' হারিয়েছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী। তিনি সরাসরি জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বলেন, জামায়াত আসলে কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, বরং তারা অন্য কোনো দেশের দলের শাখা হিসেবে কাজ করছে। একইসঙ্গে তিনি জোরালোভাবে বলেন, বিএনপির নিজেদের কোনো কিছু বদলাতে হয় না, কারণ বিএনপির পরিচয় এদেশের সাধারণ মানুষই। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, যখন কোনো সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের সাথে একসঙ্গে বসবাস করে, তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব স্বাভাবিকভাবেই সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনও মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে না, বরং সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেয়। এই উৎসবের দিনে সবাই যেন একে অপরকে শুভেচ্ছা জানায়, সেই আহ্বানও জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিস্বত্ত্বা এক এবং রবীন্দ্রনাথ, নজরুল, লালন এঁরা আমাদের সবার। সেখানে ধর্মের কোনো দেয়াল থাকতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন, কিন্তু আমাদের মাঝে কোনো বিভেদ নেই, এটাই বাংলাদেশের আসল সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসাথে কাজ করছে বলেই সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে। তবে তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে এবং প্রত্যন্ত এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। এমনকি পূজার এই সময়টাকেও তারা কাজে লাগাতে ব্যস্ত।

রিজভীর মতে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পক্ষ বহু আগে থেকেই এসবের মদদ দিয়ে আসছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "দেশের এক ইঞ্চি জমির প্রতি যদি কেউ কু-নজর দেয়, তবে তার চোখ ফুটো করে দেয়া হবে।" তিনি আরও বলেন, এদেশের হিন্দু-মুসলিমের মধ্যে কোনো বিভেদ নেই । আমাদের খাবার, পোশাক, চিন্তা—সবই এক।