গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ০২:২৫ পিএম

অনলাইন সংস্করণ

#

কৃষকদের সহায়তা নিশ্চিত না করলে কৃষি ও বাজার ক্ষতিগ্রস্ত হবে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

গতকাল কক্সবাজারের একটি হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আয়োজিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কৃষিঋণ শুধুমাত্র কৃষকের উৎপাদন বাড়ায় না, এটি গ্রামীণ উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নেরও গুরুত্বপূর্ণ হাতিয়ার। তিনি আরও বলেন, “কৃষি শুধু কৃষকের জীবিকা নয়, এটি পুরো জাতির খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড। প্রকৃত কৃষকের হাতে সহজ শর্তে ঋণ পৌঁছে দেওয়া জরুরি।” ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন ও উদ্যোক্তাদের স্বাবলম্বী করা আমাদের লক্ষ্য। প্রশিক্ষণ কর্মসূচি তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।” ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুর রশীদ বলেন, “আমরা শুধু ঋণ দিয়ে সীমাবদ্ধ থাকি না। চাই উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে সফল ও আত্মনির্ভরশীল হোক এবং দেশের অর্থনীতিতে অবদান রাখুক।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষি উদ্যোক্তারা বাজার বিশ্লেষণ, ব্যবসা পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহারের কৌশল ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করেছেন। ইউসিবির ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪ জেলায় প্রায় ১৪ হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং ৫০টি মডেল উপজেলার ৩ হাজার কৃষককে নিবিড় সহায়তা প্রদান করা হয়েছে।