গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৫ , ০৫:২৮ পিএম

অনলাইন সংস্করণ

#

কলম্বিয়ার কড়া পদক্ষেপ, ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার

ফ্লোটিলায় হামলার ঘটনায় ইসরায়েলের উপর রীতিমতো কঠোর হয়েছে কলম্বিয়া। শুধু তাদের কূটনৈতিক প্রতিনিধিদের বহিষ্কারই নয়, একইসাথে মুক্ত বাণিজ্য চুক্তিও বাতিল করেছে দেশটি। গতকাল, অর্থাৎ বুধবার (১ অক্টোবর) কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন। 'সুমুদ ফ্লোটিলায়' হামলা ও ত্রাণবহর বাজেয়াপ্ত করার ঘটনার জেরেই এমন বড় সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া সরকার।

প্রেসিডেন্ট পেত্রো তাঁর পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি এই ঘটনাকে 'নতুন আন্তর্জাতিক অপরাধ' হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর মতে, এটি আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য, এর আগেও গুস্তাভো পেত্রো ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিতের কথা জানিয়েছিলেন। গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েল আটক করার পরই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। শুধু তাই নয়, গাজায় চলমান হত্যাকাণ্ডে সরাসরি সহায়তার অভিযোগে পেত্রো সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডও দাবি করেছিলেন। এমনকি, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, সেই প্রশ্নও তিনি মন্ত্রিসভায় তুলেছিলেন।

জানা যায়, গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন ও ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। এরপরই তাঁর এমন বক্তব্যকে 'বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড' আখ্যা দিয়ে তাঁর ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সময় থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার সম্পর্কের টানাপোড়েন চলছে।