গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০১:০৫ পিএম

অনলাইন সংস্করণ

#

খাগড়াছড়িতে দিনভর অবরোধ, সড়ক বন্ধ

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ শনিবার ভোর পাঁচটায় এই কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি এবং খাগড়াছড়ি-সাজেক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।



সকালে জেলার বিভিন্ন স্থানে অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। আজ সকাল সাড়ে ছয়টার দিকে খাগড়াছড়ি পৌর শহর ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ। পর্যটকবাহী জিপসহ অন্যান্য যানবাহনও চলছে না। তবে শহরের শাপলা চত্বর এলাকায় কিছু অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।


যেভাবে চলছে অবরোধ


স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গী সেতু এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল, নয় মাইলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে অবরোধকারীরা অবস্থান নেন। কিছু স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। তবে পুলিশ কিছু জায়গা থেকে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি সরিয়ে দিয়েছে।


জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র উক্যেনু মারমা সকাল আটটার দিকে জানান, পূর্বনির্ধারিত এই অবরোধ এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে এবং সবাইকে একইভাবে কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, "রাস্তায় দু-একটি টায়ার পোড়ানো এবং কিছু জায়গায় ব্যারিকেড দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কিছু বাস পুলিশি পাহারায় শহরে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ কর্মসূচীকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে।


ধর্ষণের ঘটনা


গত মঙ্গলবার রাত নয়টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় একটি খেত থেকে উদ্ধার করেন তার স্বজনেরা। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কিশোরীর বাবা জানান, তাঁর মেয়ে প্রতিদিনের রুটিন অনুযায়ী রাত নয়টায় বাড়ি না ফেরায় তারা খোঁজ শুরু করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে খেতের মধ্যে পাওয়া যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে এবং আদালত তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।