প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। দুষ্কৃতকারীদের আকস্মিক হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন পাহাড়ি। এ সময় মেজরসহ সেনাবাহিনীর ১৩ সদস্য এবং গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এছাড়াও আরও অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর দুঃখ প্রকাশ করে। সেখানে জানানো হয়, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। সেইসঙ্গে স্থানীয়দের শান্ত ও ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত হয় আজ দুপুরে। খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে অবরোধ চলছিল। অবরোধ চলাকালে গুইমারার একটি বাজারে আগুন ধরিয়ে দেওয়া হয়, মুহূর্তেই আগুনে পুড়ে যায় একাধিক দোকান।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গুলিবিনিময়ের খবর পাওয়া যায়। এখনও নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ যৌথভাবে মাঠে কাজ করছে।