প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫ , ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
টালিউডের একসময়ের ব্যস্ততম নায়ক অনির্বাণ ভট্টাচার্য এখন যেন নিস্তব্ধ। মঞ্চনাটক থেকে পর্দায় আসার পর দর্শকদের নজর কাড়া অনির্বাণ 'শাজাহান রিজেন্সি', 'গোলোন্দাজ', 'ভিঞ্চিদা', 'গুমনামী'-এর মতো হিট সিনেমার একের পর এক সাফল্য উপহার দিয়েছেন। বলিউডেও রানী মুখার্জির বিপরীতে কাজ করেছেন। কিন্তু এখন তিনি যেন ফেলে দিয়েছেন সব আলো, সিনেমা আর শুটিং থেকে দূরে।
অভিনয় ছাড়াও পরিচালক হিসেবেও প্রশংসিত হয়েছেন অনির্বাণ। ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’ ওয়েব সিরিজ-চলচ্চিত্রের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু টালিউড ফেডারেশনের সঙ্গে বিরোধের কারণে অনির্বাণকে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। অক্টোবর ২০২৫-এ ফেডারেশনের সঙ্গে ১৩ জন পরিচালকের আইনি লড়াই সমাপ্ত হলেও কাজের সুযোগ এখনও মিলছে না।
শুটিংয়ে টেকনিশিয়ানদের অস্বীকৃতি এবং প্রযোজকদের দ্বিধার কারণে তাঁর নতুন প্রজেক্টও থমকে গেছে। সহঅভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি বলেন, "একজন প্রতিভাবান শিল্পীকে বাধ্য করে রাখা যায় না। অনির্বাণ যেখানেই কাজ করবেন, সেরা হবেন। আমরা চাই, খুব তাড়াতাড়ি তিনি আবার দর্শককে নতুন কাজ উপহার দিন।" সাবেক প্রেমিকা সোহিনী সরকারও এ প্রসঙ্গে বলেছেন, "অনির্বাণের মতো অভিনেতা কাজ না পাওয়াটা দুঃখজনক। আশা করি আলোচনা ও সমাধানের মাধ্যমে সমস্যার সমাধান হবে।"
হাতে কোনো সিনেমা না থাকায় অনির্বাণ গান বাঁধতে শুরু করেছেন। তাঁর লেখা গানের কয়েকটি লাইন হলো: "এসব গানবাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি/ ইলেকশানের মেজাজ বুঝে দলটা বদল করি।"