প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
চলমান বৃষ্টিহীনতা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দেশের বিভিন্ন স্থানে অস্বস্তিকর ভ্যাপসা গরম বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই ভ্যাপসা গরম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এই তথ্য নিশ্চিত করেন।
আজ সকাল ৯টায় আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে, দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পূর্বাভাস: রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটির রামগতিতে, যা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।