প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার পূর্বপাড়ে নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরগিরিশ ইউনিয়নের নৌকাঘাটে যমুনার তীরে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ছয় ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।
যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজিত মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ে চরের ছয় ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে পৃথক উপজেলা গঠনের দাবি জানান। একই সঙ্গে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে রক্ষায় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ভাঙনে ক্ষতিগ্রস্ত মনির মিয়া বলেন, “কয়েক দিনের ভাঙনে আমার ৩০ বিঘা জমির ধান ভেসে গেছে। গত এক মাসে দুইবার ঘর সরাতে হয়েছে।”
নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের অভিযোগ করেন, “উজানে প্রতিদিন তিন থেকে চার শতাধিক বালুবাহী ড্রেজার চলছে। এর ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে এই এলাকায় ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা এর প্রতিকার চাই।” তিনি আরও জানান, গত মাসেই প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, বাজার, মসজিদ ও কয়েকশ একর আবাদি জমি নদীতে বিলীন হয়েছে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কাজিপুর উপজেলা শাখার সেক্রেটারি ফারুক বিএসসি বলেন, “নদীর পশ্চিম তীরে বাঁধ নির্মাণে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও পূর্বতীর রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি।”
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা জাহান সুমাইয়া বলেন, “আমি মাত্র দুই দিন হলো দায়িত্ব নিয়েছি। বিষয়টি খোঁজ নিচ্ছি। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। শিগগিরই বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হবে।”
এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।