প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ
দেশের মানুষের যে দাবি, তা বাস্তবায়নের পথে মোটেই হাঁটছে না অন্তর্বর্তী সরকার। যদি সরকার এভাবে গণদাবি উপেক্ষা করে চলে, তাহলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াতে ইসলামী। এমন মন্তব্যই করলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মগবাজারে একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি সাফ জানান, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায়, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নিজেদের দাবি আদায় করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রতিক বা 'লোগো' ইস্যু প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিয়া গোলাম পরওয়ার বলেন, "আমীরের বৈঠকে পরীক্ষামূলকভাবে একটি লোগো দেখানো হয়েছে, তবে এটাই কিন্তু চূড়ান্ত নয়।" তিনি আরও বলেন, পূর্বের ৫ দফা দাবি জনগণের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই এই দাবির পক্ষে সাধারণ মানুষও রাজপথে থাকবে। সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল এই ৫ দফা দাবিতে নতুন কর্মসূচীও ঘোষণা করেন।
কর্মসূচী সম্পর্কে তিনি জানান, আগামী ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে। এরপর ১০ অক্টোবর সারাদেশে গণমিছিল এবং সবশেষে ১২ অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি জমা দেওয়া হবে।