জিমি কিমেল বিতর্কে টেড ক্রুজের তোপ: মার্কিন সম্প্রচার নিয়ন্ত্রক 'মাফি-য়ার' মতো আচরণ করেছে
মার্কিন সিনেটর টেড ক্রুজ জনপ্রিয় টক শো হোস্ট জিমি কিমেলের স্থগিতাদেশের ঘটনায় সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে সরাসরি আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডান ক্যার মাফিয়ার মতো হুমকি দিয়েছেন এবিসি চ্যানেলকে।কিমেলের সাম্প্রতিক মনোলগে নিহত রক্ষণশীল প্রভাবশালী চার্লি কার্ককে নিয়ে মন্তব্য করার পর এবিসি তাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। টেক্সাসের রিপাবলিকান সিনেটর ক্রুজ বলেন, এবিসিকে লাইসেন্স বাতিল করার হুমকি দিয়ে ক্যার ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করেছেন। তাঁর ভাষায়, "এটা যেন একেবারে গুডফেলাস সিনেমার দৃশ্য।"
রিপাবলিকানদের ভিন্ন সুর
কংগ্রেসের অনেক রিপাবলিকান এফসিসি-র ভূমিকায় নীরব থাকলেও ক্রুজ খোলাখুলি সমালোচনা করেন। তিনি বলেন, "আমি কিমেলের মন্তব্য ঘৃণা করি এবং তার স্থগিতাদেশে সন্তুষ্ট, কিন্তু সরকারের এভাবে মিডিয়াকে হুমকি দেওয়া বিপজ্জনক।" অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারকে সমর্থন করে বলেন, "আমি টেড ক্রুজের সঙ্গে একমত নই।" নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর থম টিলিসও ক্যারের মন্তব্যকে "অগ্রহণযোগ্য" বলে আখ্যা দিয়েছেন। তবে সাউথ ডাকোটার সিনেটর মাইক রাউন্ডস ঘটনাটিকে শুধু "নিয়োগকর্তা-কর্মচারীর বিষয়" হিসেবে দেখছেন।
বাক স্বাধীনতা বনাম হুমকি
এফসিসি যুক্তরাষ্ট্রের প্রধান নেটওয়ার্কগুলোর লাইসেন্স তদারকি করে। ক্রুজ সতর্ক করে বলেছেন, যদি সরকার গণমাধ্যমকে ভয় দেখিয়ে কী প্রচার হবে তা ঠিক করতে শুরু করে, তবে তা রক্ষণশীলদের জন্যও ক্ষতিকর হবে। জিমি কিমেল নিজে এখনও কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি। তবে তার সহকর্মীরা জন স্টুয়ার্ট, জিমি ফ্যালন এবং স্টিফেন কোলবার্ট তার পাশে দাঁড়িয়েছেন।
চার্লি কার্কের ঘটনা
১০ সেপ্টেম্বর ইউটা কলেজ ক্যাম্পাসে খোলা অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন চার্লি কার্ক। এ ঘটনার রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব এখনো যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন তুলেছে। সম্প্রতি সিনেট ১৪ অক্টোবর কার্কের জন্মদিনকে স্মরণ দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস করেছে।