গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

#

জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য, এবং দলীয় ফান্ডের টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই নিষেধাজ্ঞা জারি করেন।


দুদকের আবেদনে বলা হয়, গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এতে আরও উল্লেখ করা হয় যে, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জিএম কাদের ও তার স্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন এবং এর জন্য তারা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তরেরও চেষ্টা করছেন।


আবেদনে বলা হয়েছে, যদি তারা বিদেশে পালিয়ে যান, তাহলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা অত্যন্ত জরুরি।