প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ , ১২:১১ এএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহে গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির হাত পা ও গলা বাধা ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে। এরপর মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান নিহতের স্বজনরা।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পা বেধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।