জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হয়েছে এবং তিনি দিনের দশম বক্তা হিসেবে মঞ্চে আসবেন।
প্রধান উপদেষ্টা তার এই গুরুত্বপূর্ণ ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। মূল যে বিষয়গুলো তার ভাষণে গুরুত্ব পাবে, সেগুলো হলো—অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অগ্রগতি, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার।
পাশাপাশি, তিনি জুলাই মাসের হত্যাকাণ্ডের বিচার এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের বিষয়েও বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করবেন।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করে জানান, অধ্যাপক ইউনূস তার ভাষণে গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি তুলে ধরবেন। গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকার কী কী উদ্যোগ নিয়েছে, সেই বিষয়গুলোও বিশেষভাবে গুরুত্ব পাবে।