জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। বিষয়টি তাঁর প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার তুলে ধরবেন।
এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন ছয়জন রাজনৈতিক নেতা, যাঁদের মধ্যে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।
জাতিসংঘে এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথম উচ্চপর্যায়ের সম্মেলন। অধ্যাপক ইউনূসের প্রস্তাবের ভিত্তিতে এ সম্মেলন আহ্বান করা হয়েছে, যা সদস্য রাষ্ট্রগুলো সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়েছে।
এছাড়া তিনি যুবকদের জন্য কর্মপরিকল্পনার ৩০তম বার্ষিকী উপলক্ষে এক বৈঠকে অংশ নেবেন এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, শান্তিরক্ষা, নিরাপদ অভিবাসন ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার মতো বিষয় ভাষণে তুলে ধরবেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন বৈঠকে তিনি যোগ দেবেন।
প্রধান উপদেষ্টা আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।