প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে নিজেদের দলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
রাশেদ খান বলেন, গতকাল শাহবাগে সমাবেশ শেষে তাদের দলের কোনো নেতাকর্মী কাকরাইলে যায়নি। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এর প্রতিবাদে তিনি জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এবং বলেন যে, "ফ্যাসিবাদের ঠাঁই এই দেশে হবে না।"
এ সময় তিনি নুরুল হক নুরের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, নুর কিছু মনে রাখতে পারছেন না এবং তার শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। রাশেদ খান অভিযোগ করেন যে, একটি মহল নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক তা চায় না। তিনি নুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এই হামলায় কার্যালয়ের নিচতলায় অগ্নিসংযোগ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ ছিল, নুরুল হক নুরের ওপর হামলার জেরে গণঅধিকার পরিষদের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে।