প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ , ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামালপুর-৪ (সরিষাবাড়ী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই আসনে মো. ফরিদুল কবির শামীম তালুকদারকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর নাম ঘোষণা করেন।
মনোনয়ন পেয়ে মো. ফরিদুল কবির শামীম তালুকদার জামালপুর জেলাবাসীর প্রতি "ইস্পাতের মতো কঠিন ঐক্যের" আহ্বান জানিয়েছেন। তিনি আল্লাহর অশেষ রহমত এবং দেশনেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির আন্তরিক আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, "সম্মানিত নেতাকর্মী, আমরা যেন ভুলে না যাই, ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন সরিষাবাড়ীর বিএনপির আসনটি ছিল গর্বের আসন।"
তিনি আরও বলেন, "আজকে সবচেয়ে বেশি মনে পড়ছে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারকে, যিনি আমাকে রাজনৈতিক পথচলায় যে দায়িত্ব দিয়েছেন, আমি তা যেন যথাযথভাবে পালন করতে পারি।" তিনি বিএনপিকে জামালপুর থেকে ধানের শীষের বিজয় উপহার দিতে চান বলে অঙ্গীকার করেন।
ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, "আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করব। এখন সময় বিভাজনের জন্য নয়। সময় এখন ধানের শীষের পক্ষে, সময় এখন মানুষের পক্ষে।" তিনি সরিষাবাড়ীর সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন—সকলে যেন ধানের শীষের ছায়াতলে দেশ গড়ার লক্ষ্যে এক সাথে কাজ করেন।