গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ০২:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

#

ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত, প্রধান উপদেষ্টার অভিনন্দন

দুবাইয়ে অনুষ্ঠিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিল (সিএ)-এর নির্বাচনে বাংলাদেশ পুনর্নির্বাচিত হয়েছে। বাংলাদেশ  ১৫৭ ভোটের মধ্যে ৯৭ ভোট পেয়ে ১০ সদস্যের মধ্যে নবম স্থান অর্জন করেছে। এই ফলাফলের মাধ্যমে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য প্রশাসনিক কাউন্সিলের সদস্যপদ নিশ্চিত করেছে। এই অর্জনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের জন্য এটি কূটনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এর আগে ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের সদস্যপদে সীমিত অংশগ্রহণ ছিল। তখন দেশ মাত্র একটি সরাসরি বৈঠকে অংশ নিয়েছিল এবং বাকি কার্যক্রমে ভার্চুয়ালি যুক্ত ছিল। এই সীমিত অংশগ্রহণের কারণে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি এবং বিশেষত আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে সক্রিয় উপস্থিতি কম ছিল। তবে এবার সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করার মাধ্যমে দেশ সেই চ্যালেঞ্জ অতিক্রম করেছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে ‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটি শুধুমাত্র ভোটে জয়ের বিষয় নয়; এটি বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা, পরিকল্পনা ও আন্তর্জাতিক যোগাযোগের প্রতিফলন।”

ইউপিইউ প্রশাসনিক কাউন্সিল বিশ্বব্যাপী ডাক ও কুরিয়ার পরিষেবার উন্নয়নের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সদস্য দেশগুলো একত্রিত হয়ে ডাক পরিষেবা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি গ্রহণ ও আন্তর্জাতিক মান উন্নয়নের জন্য নীতি প্রণয়ন করে। বাংলাদেশ পুনর্নির্বাচনের মাধ্যমে এই নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।

এই পুনর্নির্বাচন বাংলাদেশের কূটনৈতিক প্রোফাইলকে শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক ডাক পরিষেবা ক্ষেত্রে দেশের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। এছাড়াও এটি দেশের কূটনৈতিক সক্ষমতা, বৈশ্বিক কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে।