গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৯ পিএম

অনলাইন সংস্করণ

#

ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি জর্জি

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ওপেনার টনি ডি জর্জি। লিডসে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন তিনি।


বাউন্ডারিতে জস বাটলারের একটি শট থামাতে ডাইভ দেন ডি জর্জি। বল বাঁচালেও বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে, এরপর মাঠ ছাড়তে হয় তাকে। যদিও ব্যাট হাতে নামার প্রস্তুতি ছিল, ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তার আর প্রয়োজন হয়নি। ইনজুরির কারণে এখন দেশে ফিরে স্ক্যান করাবেন এই ওপেনার।

ডি জর্জির জায়গায় নতুন কাউকে দলে নেওয়া হয়নি। কারণ তিনি নিজেই ছিলেন রিজার্ভ ব্যাটার, যিনি খেলেছেন ম্যাথিউ ব্রিটস্কের বদলে। বাঁহাতি ব্রিটস্কে আগের ম্যাচগুলোতে হ্যামস্ট্রিং চোটে ভুগলেও এখন সুস্থ হয়ে ফিরেছেন। দ্বিতীয় ওয়ানডেতে তাকে ৪ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে।


এদিকে দক্ষিণ আফ্রিকার পেস বিভাগেও শঙ্কা রয়ে গেছে। দলের প্রধান অস্ত্র কাগিসো রাবাদা গোড়ালির চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ নন। অস্ট্রেলিয়া সিরিজে খেলেননি, লিডসেও মাঠে নামেননি। তাই কোডি ইউসুফকে স্কোয়াডে যোগ করা হয়েছে। ইঙ্গিত মিলছে, রাবাদার হয়তো টি–টোয়েন্টি সিরিজের আগেই ফেরা কঠিন।


অন্যদিকে অধিনায়ক টেম্বা বাভুমাও এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হ্যামস্ট্রিং চোটের পর তিনি আছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামেন তিনি। তবে বাকি ম্যাচগুলোয় তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।


প্রথম ম্যাচে সহজ জয় তুলে নিয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।