প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দারুণ খবর! জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে নতুন এক সুবিধা—বার্তা অনুবাদের ফিচার। এখন থেকে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যেই যেকোনো বার্তা অনুবাদ করতে পারবেন। আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সবাই ধীরে ধীরে এই সুবিধা পেতে শুরু করেছেন। ব্যক্তিগত চ্যাট থেকে শুরু করে গ্রুপ বা চ্যানেলের যেকোনো মেসেজ এখন খুব সহজেই অনুবাদ করা যাবে।
কীভাবে ব্যবহার করবেন?
যে মেসেজটি অনুবাদ করতে চান, সেটির উপর আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। এরপর যে মেনু আসবে, সেখান থেকে ‘Translate’ অপশনটি বেছে নিন এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।
প্রথম ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, পর্তুগিজ, রুশ এবং আরবি ভাষার অনুবাদ সুবিধা পাবেন। আইফোন ব্যবহারকারীরা অবশ্য শুরু থেকেই ১৯টির বেশি ভাষায় বার্তা অনুবাদ করতে পারছেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা পর্যায়ক্রমে আরও নতুন ভাষা যুক্ত করবে। এই নতুন ফিচারটি নিঃসন্দেহে ভিন্ন ভাষাভাষী মানুষের সাথে যোগাযোগ আরও সহজ করে তুলবে।