প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ
এশিয়া কাপে দিনের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। হংকংয়ের দেওয়া ১৫০ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে তারা।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪১ রানের উদ্বোধনী জুটি গড়ে হংকং। ২৩ রান করা জিশান আলীকে ফেরান চামিরা। এরপর দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় দলটি। তবে আনশি রাঠ ও নিজাকাত খান ৬১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। আনশি ৪৮ রান করে ফিরে গেলেও, নিজাকাত অপরাজিত হাফ সেঞ্চুরি করে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে হংকংয়ের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ৬২ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। কিন্তু ওপেনার পাথুম নিশাঙ্কা ৬৮ রানের দারুণ ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন। কুশল পেরেরা করেন ২০ রান। শেষ দিকে শ্রীলঙ্কা দ্রুত ৪ উইকেট হারালেও, হাসারাঙ্গার ২০ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।