গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৮:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

#

হজযাত্রীদের স্বস্তি, এবার বিমান ভাড়া কমলো

আগামী ২০২৬ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে সরকার। এবার ভাড়া কমেছে ১২ হাজার ৯৯০ টাকা। নতুন করে প্রতিজনের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা গত বছরের তুলনায় কম।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। তিনি জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট তিনটি প্যাকেজ চালু থাকবে। এর মধ্যে প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রাখা হয়েছে, যেখানে খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

ধর্ম উপদেষ্টা আরও জানান, হজ নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি পরামর্শ দেন, সত্তরোর্ধ্ব বয়সী এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে কেউ যেতে চাইলে সঙ্গে একজন সহযাত্রী ও সরকারি চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে।