প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ , ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়ে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের কাছাকাছি তুল শহরে গাড়ি চালানোর সময় কার্কিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।
হিজবুল্লাহর সামরিক ক্ষমতা পুনর্গঠনের অভিযোগ
আইডিএফ আরও বলেছে, "সাম্প্রতিক মাসগুলোতে আব্বাস কার্কি হিজবুল্লাহর যুদ্ধ ক্ষমতা পুনর্গঠন প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন এবং যুদ্ধের সময় ভেঙে ফেলা অবকাঠামো পুনর্নির্মাণের সহায়তা করেছেন। এছাড়াও তিনি দক্ষিণ লেবাননে অস্ত্র স্থানান্তর ও সংরক্ষণ পরিচালনা এবং হিজবুল্লাহর অন্যান্য উচ্চপদস্থ পদেও দায়িত্ব পালন করেছেন।" আইডিএফ দাবি করেছে, "কার্কির কর্মকাণ্ড ইসরায়েল এবং লেবাননের মধ্যে সমঝোতার লঙ্ঘন করেছে।"
এদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষিণ লেবাননের তুল শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে। তবে হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার ইসরায়েলের দাবির বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে ইসরায়েল ব্যাপক আক্রমণ শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারি তথ্য অনুসারে, এই সংঘাতে কমপক্ষে ৪ হাজার মানুষ নিহত, ১৭ হাজারের বেশি মানুষ আহত এবং প্রায় ১৪ লাখ লেবানিস বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরে দুপক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলেও, ইসরায়েলি বাহিনী এখনো আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আক্রমণ চালিয়ে যাচ্ছে।