প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন এই মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এই মামলার ৫৪তম এবং শেষ সাক্ষী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি এই জবানবন্দি দেন।
জবানবন্দিতে তিনি দাবি করেন, জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে ৪১ জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে। শুধু তাই নয়, ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি এবং ট্রাইব্যুনালের ফেসবুক পেইজ থেকে।
তাঁর তৃতীয় দিনের সাক্ষ্যে তিনি জোর দিয়ে বলেন, জুলাই আন্দোলনসহ গত ১৫ বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো নির্বাচন ও জঙ্গী নাটকের ঘটনা ঘটেছে, সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতাকে নিজেদের হাতে কুক্ষিগত করেছে। এর আগে, সোমবার দেওয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা জানিয়েছিলেন, সরকারি হিসাব অনুযায়ীই আইনশৃঙ্খলা বাহিনী ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছুঁড়েছিল।
অন্যদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ-এর মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে ট্রাইব্যুনাল-২। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার।