প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ
দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নেপালের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে নেই হামজা চৌধুরী ও শমিত সোম।
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ইংলিশ ক্লাব লেস্টার সিটির খেলোয়াড় হামজা চৌধুরী চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তাই ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী নেপাল সফরে তাকে রাখা হয়নি। অন্যদিকে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসির ফুটবলার শমিত সোম ক্লাব ব্যস্ততার কারণে জাতীয় দলে যোগ দিতে পারছেন না।
সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান ও জাহিদ হাসানকে এবার ডাকা হয়নি। তারা বর্তমানে ভিয়েতনামে অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে খেলছেন।
প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি আগে কখনো বয়সভিত্তিক জাতীয় দলে খেলেননি। এ ছাড়া চূড়ান্ত দলে ফেরানো হয়েছে মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সালকে।
বাংলাদেশ ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে দুটি প্রীতি ম্যাচে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল ১৭৬তম আর বাংলাদেশ ১৮৪তম স্থানে রয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজন করা হয়েছে এই ম্যাচগুলো।