প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ
গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি, আর তার সাথে ছুটছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) আজ সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে মায়ামি। এই জয়ের ফলে এমএলএস কাপের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে হাভিয়ের মাচেরানোর দল।
বরাবরের মতোই এই জয়ের নায়ক ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। দুটি গোল নিজে করেছেন, আর একটি গোলে সহায়তা করেছেন। ম্যাচের প্রথমার্ধে ৪৩ মিনিটে তার দুর্দান্ত পাসে গোল করেন মায়ামির মিডফিল্ডার ব্যালটাজার রদ্রিগেজ। এই গোলের সুবাদে মেসি এমএলএস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখার রেকর্ড গড়লেন। এরপর দ্বিতীয়ার্ধের ৭৪ ও ৮৬ মিনিটে তিনি নিজে করেন আরও দুটি দর্শনীয় গোল। এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করার কৃতিত্ব অর্জন করা চতুর্থ খেলোয়াড় হলেন মেসি। মেসির দ্বিতীয় গোলের ঠিক আগে, ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের স্কোরবোর্ডে নাম লেখান লুইস সুয়ারেজ।
নিউইয়র্কের সিটি ফিল্ডে এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে মেসি এবারের এমএলএস মৌসুমে শীর্ষ গোলদাতার স্থান দখল করেছেন। ২৩ ম্যাচে তার গোল এখন ২৪টি। ২৮ ম্যাচে ২২ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লস অ্যাঞ্জেলস এফসি’র উইঙ্গার ডেনিস বউয়ানগা।
টানা তৃতীয় ম্যাচ জেতা ইন্টার মায়ামি লিগে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রেও অন্যদের চেয়ে অনেক এগিয়ে। এ মৌসুমে তাদের মোট গোল সংখ্যা এখন ৬৪। ৫৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অরল্যান্ডো। মায়ামির শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই তারা প্রতি ম্যাচে কমপক্ষে তিনটি করে গোল করেছে, যা তাদের আক্রমণভাগের দারুণ ফর্মের ইঙ্গিত দেয়।
মেসির প্রথম গোলটি ছিল দেখার মতো, ৭৪ মিনিটে তিনি নিউইয়র্ক সিটি গোলকিপার ম্যাট ফ্রিসির মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়িয়ে দেন। এরপর ৮৩ মিনিটে সুয়ারেজের পেনাল্টি গোলের পর ডান পাশ থেকে নেওয়া দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামি এখন তৃতীয় স্থানে রয়েছে। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। মেসি তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে-অফে খেলতে যাচ্ছেন। এটি তার টানা তৃতীয় ম্যাচ যেখানে তিনি গোল করার পাশাপাশি গোল করিয়েছেনও।