গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলা ও বেসামরিক হত্যাযজ্ঞের প্রতিবাদে ইউরোপজুড়ে রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ।রবিবার (৫ অক্টোবর) সবচেয়ে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে, যেখানে প্রায় আড়াই লাখ মানুষ মিউজিয়াম স্কয়ারে জড়ো হয়ে গাজার নিরীহ নাগরিকদের ওপর চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীদের হাতে ছিল রঙিন প্ল্যাকার্ড, ব্যানার ও পতাকা। আকাশজুড়ে ভেসে বেড়াচ্ছিল একটাই শ্লোগান— “Free Palestine!” কেউ লিখেছেন “Stop the genocide”, কেউ বা “Justice for Gaza”, সব মিলিয়ে ইউরোপের অন্যতম বৃহত্তম এই সমাবেশটি রূপ নেয় ফিলিস্তিনের প্রতি সংহতির এক বিশাল মানবমঞ্চে।
একই দিনে তুরস্কের ইস্তাম্বুলেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি গিয়ে শেষ হয় গোল্ডেন হর্ন নদীর তীরে, যেখানে তুর্কি ও ফিলিস্তিনি পতাকায় সাজানো নৌকাগুলো প্রতিবাদকারীদের স্বাগত জানায়।
বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন শহরেও। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় মানুষ হাতে তুলে নেয় প্ল্যাকার্ড— “গাজা: অনাহারে” এবং “গাজার শিশুরাই আজ পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান।” মরক্কোর রাজধানী রাবাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে সরকারের কাছে দাবি জানায়, ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত বাতিল করতে।
স্পেনেও পালিত হয় সংহতির বিক্ষোভ। মাদ্রিদ ও বার্সেলোনায় বিশাল সমাবেশের পাশাপাশি ছোট শহরগুলোতেও রাস্তায় নামে সাধারণ মানুষ। অনেকেই হাতে বহন করছিলেন সাদা কাপড়ে মোড়ানো ছোট পুঁটলি, যা প্রতীকীভাবে গাজার নিহত শিশুদের দেহের প্রতিচ্ছবি বহন করছিল।
সূত্র: আল জাজিরা