প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ
গাইবান্ধার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি তুলছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী কাজী লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন মারা যান এবং তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।"