ফ্রান্সে ইতিহাস গড়ে ২১ শহরে উড়ল ফিলিস্তিনের পতাকা
ফ্রান্সে এক ঐতিহাসিক ঘটনা ঘটল। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে সেন্ট-ডেনিস শহরের টাউন হলের সামনে উড়তে শুরু করে ফিলিস্তিনের পতাকা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়।
সেন্ট-ডেনিসের মেয়র ম্যাথিউ হ্যানোটিন নিজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যালিস্ট পার্টির নেতা অলিভিয়েঁ ফাওর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং সাধারণ মানুষ। মেয়র হ্যানোটিন বলেন, 'এটি কেবল একটি পতাকা নয়, এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের গভীর সংহতির প্রতীক। আমরা তাদের পাশে আছি।'
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রণালয় বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ করলেও মেয়র হ্যানোটিন এই নির্দেশ অমান্য করেন। সেন্ট-ডেনিসের এই উদাহরণ অনুসরণ করে প্যারিস, ন্যান্টেস, সেন্ট-ওয়েন এবং সেন্ট-ডেনিসসহ (রিইউনিওঁ) অন্তত আরও ২১টি শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়।
ফ্রান্সের এই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর সমালোচনা করলেও ইউরোপের কিছু দেশ সমর্থন জানিয়েছে। ফ্রান্সের অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় ও জাতীয় সরকারের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও এটি ফিলিস্তিনি জনগণের প্রতি ফ্রান্সের দৃঢ় সমর্থনের একটি স্পষ্ট বার্তা।
ফ্রান্সের এই পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সংহতির একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রতিটি পতাকা এবং প্রতিটি সমর্থনের বার্তা ফিলিস্তিনের মানুষের জন্য আশা ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক।