প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ
এশিয়া কাপে সুপার ফোর নিশ্চিত হওয়ার পর আজ আবুধাবিতে ভারতের শেষ গ্রুপ ম্যাচ ওমানের বিপক্ষে। ম্যাচটি কার্যত ডেড রাবার হলেও এখানেই যশপ্রীত বুমরাকে বিশ্রামে দেখতে চান ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষেও সুপার ফোরের ম্যাচে বুমরাকে খেলাতে চান না তিনি।
গাভাস্কারের মতে, বুমরাকে ফাইনালের জন্য সতেজ রাখা জরুরি। সনি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয়, ওমান ম্যাচে বুমরাকে বিশ্রাম দেওয়া উচিত, এমনকি পাকিস্তান ম্যাচেও। যাতে সে ২৮ তারিখের ফাইনালে পুরো ফিট থাকে। ভারতের এভাবেই পরিকল্পনা করা উচিত।”
ভারত ইতোমধ্যেই গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ সহজে জিতেছে। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট হাতে রেখে জয় এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যাওয়া—এই দুই ম্যাচে দলটির ব্যাটিং অর্ডারের কিছু অংশ খেলার সুযোগই পায়নি।
তাই গাভাস্কারের পরামর্শ, আজকের ম্যাচে ভারতের উচিত ব্যাটসম্যানদের ঝালিয়ে নেওয়া। তাঁর মতে, ওপেনিং জুটি অপরিবর্তিত রেখে তিন নম্বর থেকে সূর্যকুমার যাদবকে নামানো যেতে পারে নিচের দিকে, যাতে তিলক বার্মা ও সঞ্জু স্যামসন যথেষ্ট সময় ব্যাট করার সুযোগ পান।
গাভাস্কার আরও বলেন, “আজকের ম্যাচটা আসলে ব্যাটসম্যানদের অনুশীলনের জন্য, বোলারদের নয়। এতে শুধু পাকিস্তানের বিপক্ষেই নয়, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষেও তারা ভালোভাবে প্রস্তুত থাকবে।”