গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫ , ১২:৫৫ এএম

অনলাইন সংস্করণ

#

এনসিপির ফরম বিক্রি শুরু: কৃষক-শ্রমিকদের জন্য বিশেষ ছাড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ বিষয়ে ঘোষণা দেন দলটির মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।


মনোনয়ন ফরমের মূল্য ও বিশেষ সুবিধাঃ

এনসিপি মনোনয়ন আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করেছে। তবে কিছু নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে:


জুলাই-আহত, কৃষক, কুলি-মজুরদের জন্য আবেদন ফরমের মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে রাজনীতি করতে চায় এনসিপি। আর এ কারণেই যারা আমাদের সাথে অঙ্গীভূত হতে চান, তাঁদেরকে নামমাত্র একটি ফি দিতে হবে আমাদের দল চালানো ও অন্যান্য কাজের জন্য।"


ফরম সংগ্রহ ও সময়সীমাঃ

আবেদন ফরম অনলাইন অথবা সরাসরি কেন্দ্রীয় ও অঞ্চলভিত্তিক অফিসে গিয়ে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।


আবেদন ও যাচাই-বাছাই কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।


আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক দলীয় মনোনয়ন ঘোষণা করা হবে।


নির্বাচনী প্রস্তুতি ও জোটের ভাবনাঃ

এনসিপি আসন্ন নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে জোটের বিষয়েও দলটির অবস্থান স্পষ্ট করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।


তিনি জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রশ্নে একটি জায়গায় আসে, তবে বিএনপি কিংবা জামায়াত যে কারোর সাথেই তাঁদের জোট হতে পারে।


তবে তিনি জোর দিয়ে বলেন, "বিচার, সংস্কার প্রশ্নে যদি কোনো সমাধান না হয়, তাহলে আমরা কারো সাথেই কোনো জোটে যাবো না।"