প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫ , ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু দল ইসলামকে ব্যবহার করে থাকে। তিনি অভিযোগ করেন, এখন একটি বিশেষ দল নির্বাচন ও রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করতে চাইছে। তিনি সকলকে এমন দল থেকে দূরে থাকার আহ্বান জানান।
শনিবার (১ নভেম্বর) 'আজমতে সাহাবা' মহাসম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, যা রাসুলুল্লাহ (সা.) প্রবর্তন করেছেন এবং সাহাবারা পালন করেছেন। কেউ কেউ মওদুদীর ইসলামে বিশ্বাসী।" তবে তাঁর মূল অভিযোগ, "একটি দল ফিতনা তৈরি করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। তারা বিভ্রান্তি তৈরির জন্য ইসলামকে ব্যবহার করতে চায়। রাজনীতির নামে কেউ যেন ইসলামকে ব্যবহার করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।"
বিএনপির এই নেতা আরও বলেন, "শেখ হাসিনা 'ইসলাম বিদ্বেষী সরকার' ছিলেন। দলটি অপ-রাজনীতিতে বিশ্বাসী ছিল। তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আলেম ও মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে। ইতিহাস সাক্ষী, এই দেশে তাদের রাজনীতি কীভাবে শেষ হয়েছে।" তিনি দাবি করেন, বিএনপি ইসলামের প্রকৃত আদর্শ বাস্তবায়ন করতে চায়।