গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:২৩ পিএম

অনলাইন সংস্করণ

#

এবার আমেরিকার বিরুদ্ধে মাদুরোর যুদ্ধ ঘোষণা

একটা সময় ছিল যখন রাষ্ট্র ও প্রতিপক্ষরা সহজে যুদ্ধে নেমে যেত না। শুধু হুমকি-ধামকি দেখাতো। কিন্তু আজকাল পরিস্থিতি অনেক অস্থির। সামান্য উত্তেজনাতেও যুদ্ধে নামার প্রবণতা দেখা যায়। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা উত্তেজনা কয়েকদিন ধরে ক্রমশ তীব্র হচ্ছে।


গতকাল ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিন লোপেস যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যে কোনও হামলা ঠেকাতে ভেনেজুয়েলা প্রস্তুত। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভেনেজুয়েলার দিকে যুক্তরাষ্ট্র যদি এক পা এগোয়, আমরা ছাড় দেব না। লোপেস আরও বলেন, ক্যারিবিয়ান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও ভেনেজুয়েলাও একইভাবে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যা মূলত একটি বার্তা দেওয়ার জন্য – কোনো আগ্রাসন বা হুমকি সহ্য করা হবে না।


ভেনেজুয়েলার সামরিক বাহিনী তাদের সমুদ্র সীমায় টহল দিচ্ছে। একই সময়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উপকূলে সেনাদের উৎসাহ যোগাচ্ছেন। সামরিক সূত্র জানিয়েছে, পশ্চিম উপকূলে প্রায় ১৫,০০০ সামরিক সদস্য মোতায়ন করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ক্যারিবিয়ান জলসীমায় মার্কিন নৌবাহিনী মোতায়নের কারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় হামলা চালায়, তবে দেশের সমুদ্রসীমা রক্ষায় ভেনেজুয়েলা তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে।


এর পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকার মাদকচোরা চক্রের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করার অনুমোদন দিয়েছিলেন। সেই নির্দেশের পর ক্যারিবিয়ান জলসীমায় একটি সাবমেরিন এবং সাতটি যুদ্ধজাহাজ নিয়ে নৌদল মোতায়ন করা হয়। প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা নিজেদের নৌজাহাজ, ড্রোন এবং হাজারো সেনা মোতায়ন করে শক্তি প্রদর্শন করছে।


মাদুরো বলেন, “সাম্রাজ্যবাদী গ্রিঙ্গোরা চায় ভেনেজুয়েলার সম্পদ। চায় ভেনেজুয়েলাকে টুকরো টুকরো করতে। একটানা হুমকি, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং অবরোধের পরও আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”


মার্কিন প্রশাসন বর্তমানে নিকোলাস মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট মনে করে না। এছাড়া ওয়াশিংটনের অভিযোগ, মাদুরোর সঙ্গে লাতিন আমেরিকার বিভিন্ন মাদকচক্র ও অপরাধী গোষ্ঠীর যোগসূত্র রয়েছে।