দুর্নীতির বিরুদ্ধে উত্তাল ফিলিপাইন
ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে ফিলিপাইনে তীব্র দুর্নীতিবিরোধী বিক্ষোভ চলছে। করদাতাদের বিলিয়ন ডলার লোপাট এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ গ্রহণের অভিযোগে দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে।
রবিবার রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন শহরে ছাত্র, গির্জা সংগঠন, রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারা একত্রিত হয়ে এই বিক্ষোভে অংশ নেন। জানা গেছে, শুধুমাত্র ম্যানিলার একটি পার্কেই প্রায় ৫০ হাজার মানুষ জমায়েত হয়েছিল। পরে রাজধানীর এডিএসএ সড়কেও বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
বিক্ষোভ বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ ছিল, তবে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। পুলিশ এই ঘটনায় ৭২ জনকে আটক করেছে, যাদের মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক। এছাড়া, ৩৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একটি ট্রেলার ব্যারিকেড হিসেবে ব্যবহার করার সময় সেটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ অবশ্য নিশ্চিত করে জানায়নি যে আটককৃতরা সবাই বিক্ষোভকারী কি না।
পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলছে, শুধুমাত্র জলবায়ু বিষয়ক প্রকল্প থেকেই গত বছর প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করা হয়েছে। গত জুলাই মাসে মৌসুমি বন্যা ও ঘূর্ণিঝড়ের পর দেশজুড়ে বন্যা দেখা দিলে এই বিশাল দুর্নীতির বিষয়টি সবার সামনে আসে। প্রায় প্রতি বছর ২০টির মতো ঘূর্ণিঝড় আঘাত হানে ফিলিপাইনে, যে কারণে এটি বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত।
সরকারি তথ্য মতে, গত দুই বছরে দুর্নীতির কারণে দেশটির ১.৪৮ বিলিয়ন পাউন্ড সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।