প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই মর্মে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বছর ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে তাদের আবেদন হার্ড কপিতে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে কিছু প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে হালনাগাদ ট্রেড লাইসেন্স, রপ্তানি নিবন্ধন সনদ (ERC), আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্স। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা ইতোমধ্যেই আবেদন জমা দিয়েছেন, তাদেরও নতুন করে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় আবেদন করতে হবে।