গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১২:১১ এএম

অনলাইন সংস্করণ

#

দিল্লির সঙ্গে ঢাকার উত্তেজনার কারণ শেখ হাসিনা : ড. ইউনূস

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত ভালোভাবে নেয়নি। এর ফলে ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তিনি মনে করেন, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত 'ভুয়া' খবর এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “ভারত থেকে প্রচুর ভুয়া খবর এসেছে। ছাত্র-জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলেও প্রচার করা হয়েছে।” তিনি আরও বলেন, “ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি এই সমস্যার সৃষ্টি করেছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।”

ড. ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র ব্যবহারের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে। তবে তিনি উল্লেখ করেন, নয়াদিল্লির রাজনৈতিক প্রতিরোধের কারণে আঞ্চলিক সহযোগিতা বাধাগ্রস্ত হচ্ছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারির শুরুতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। তিনি আশা প্রকাশ করেন, ১৫ বছর পর বাংলাদেশের ১২ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারবেন।