গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫ , ১১:৫৬ এএম

অনলাইন সংস্করণ

#

ঢাকায় শীত অনুভব, তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রিতে

সারাদেশেই কমবেশি শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। আর তার ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও শীতের হালকা পরশ অনুভূত হচ্ছে। গত কয়েক দিন ধরে ঢাকার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও আজ সকাল ৬টায় তা নেমে এসেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।


শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে সবশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।