ঢাকার ৩০০ ফুট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
রাজধানীর খিলক্ষেত থানার মস্তুল এলাকার ৩০০ ফুট সড়কে আজ শুক্রবার বিকেলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার সময় তাঁর সহকর্মী মনির হোসেন (২৭)ও আহত হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক অজ্ঞাত যুবককে মৃত ঘোষণা করেন এবং মনিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মনিরের অবস্থা আশঙ্কাজনক।
মনিরের ভগ্নিপতি কামাল হোসেন মাস্টার জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তারা কাজ শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মস্তুল এলাকায় একটি মোটরসাইকেল তাদের বাইসাইকেলের সঙ্গে ধাক্কা দিলে দুজনই রাস্তার উপর ছিটকে পড়েন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, নিহতের বয়স আনুমানিক ২০–২৫ বছর হতে পারে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের দুই আরোহীকেও কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।