গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ , ০২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

#

দেশের আবহাওয়া: থেমে থেমে বৃষ্টি, সাগরে লঘুচাপের আশঙ্কা

প্রায় পাঁচ দিন ধরে চলা ভারী বৃষ্টি বুধবার থেকে অনেকটাই কমেছে। তবু দেশের বিভিন্ন স্থানে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে গরম কিছুটা কমলেও পুরোপুরি কমেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবারও দেশের কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সাগরে নতুন করে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা এবার বাংলাদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করতে পারে।

চলতি মাসের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে থাকে এবং বৃষ্টি কমে যায়। কিন্তু গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। বিশেষ করে চট্টগ্রাম, সন্দ্বীপ, কিশোরগঞ্জের নিকলী এলাকায় একাধিক জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। তবে বুধবার থেকে বৃষ্টি কমতে থাকে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে, ৫২ মিলিমিটার। ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু অঞ্চলে বৃষ্টি হলেও চট্টগ্রাম, বরিশাল ও খুলনা ছিল প্রায় বৃষ্টিহীন।

আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক প্রথম আলোকে বলেন, “আজও দেশের কিছু অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি আরও দুই-তিন দিন ধরে চলতে পারে।”

এদিকে চলতি মাসে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, তবে তার প্রভাব বাংলাদেশে পড়েনি। নাজমুল হক জানান, আগামী মঙ্গলবার বা বুধবার থেকে সাগরে আরেকটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, “এখন পর্যন্ত গতিপ্রকৃতির ধারায় মনে হচ্ছে, এই লঘুচাপ বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনার কাছাকাছি সৃষ্টি হতে পারে। পরে এটি ভারতের পশ্চিমবঙ্গ হয়ে ওডিশা উপকূলে চলে যেতে পারে।”

সম্ভাব্য এই লঘুচাপের প্রভাবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দেশের কিছু অংশে বৃষ্টি হতে পারে। তবে এর প্রকৃত প্রভাব কতটা হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।