প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ , ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
অভিযানে যোগ না দিয়ে থানায় অবস্থান করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান চলার কথা ছিল। কিন্তু সে সময় থানা পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, ওই তিন কর্মকর্তা অভিযানের বদলে থানাতেই বসে আছেন।
থানার একটি সূত্র জানায়, ওই কর্মকর্তারা দুপুরের খাবার খাওয়ার জন্য থানায় ফিরে এসেছিলেন। ঠিক সে সময়ই অতিরিক্ত কমিশনার পরিদর্শনে আসেন। অতিরিক্ত কমিশনার ওই কর্মকর্তাদের 'দায়িত্বজ্ঞানহীন' ও 'কাণ্ডজ্ঞানহীন' বলে আখ্যা দেন। তিনি বলেন, বিষয়টি এরই মধ্যে কমিশনারকে জানানো হয়েছে। আপাতত তাদের প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।