প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 'চরম ব্যর্থতার পরিচয়' দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান বলেন, "অমর একুশে হলে গিয়েছি, সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছেন, কারচুপি হয়েছে। এটা কোনোভাবেই আশা করিনি।"
ভোট কারচুপির অভিযোগ
আবিদুলের অভিযোগ, বিভিন্ন ভোটকেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, "রোকেয়া হলের এক ছাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন যে, তাকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছিল, তাতে আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল।" তিনি আরও জানান, একই ঘটনা অমর একুশে হলের ভোটকেন্দ্রেও ঘটেছে।
তিনি বলেন, "পরে আমি যখন কেন্দ্রের চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে অনুসন্ধান করতে গেলাম, তখন তারা জানালেন যে—এটা কীভাবে হয়েছে তারা জানেন না। সুতরাং, দুটি কেন্দ্রে যেহেতু প্রমাণ পেয়েছি, সেহেতু অন্য জায়গায়ও এমন ঘটনা ঘটতে পারে।"
প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ও অন্যান্য ঘটনা
আবিদুল ইসলাম খান বলেন, "সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। প্যানেলের নম্বর শিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি। ভোটকেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি।"
তিনি আরও অভিযোগ করেন যে, সকালে তার বিরুদ্ধে একটি 'বিশাল প্রোপাগান্ডা' ছড়ানো হয়েছে, যেখানে মূলধারার গণমাধ্যমও বিভ্রান্ত হয়েছিল। রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা তাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণ করার জন্য ছাত্রত্ব বাতিল করে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে তিনি দাবি করেন।
এসব অভিযোগ নিয়ে আবিদুল ইসলাম খান একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান।