প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ , ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ
ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি, তরুণ প্রজন্মের পারস্পরিক যোগাযোগ এবং সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ইসহাক দার পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফের শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। উত্তরে অধ্যাপক ইউনূসও উষ্ণ শুভেচ্ছা জানিয়ে অতীত সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেন, প্রতিবার আমাদের সাক্ষাতে সার্ক নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি সার্ককে অগ্রাধিকার দেয়। ইসহাক দার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সুযোগের কথা উল্লেখ করে বলেন, আমাদের দুই অর্থনীতি পরিপূরক এবং বহু ক্ষেত্রে একসঙ্গে কাজ করা সম্ভব। তিনি দারিদ্র্য বিমোচন ও জনগোষ্ঠীর ক্ষমতায়নে ইউনূসের অবদানকে উচ্চ প্রশংসা করে বলেন, বাংলাদেশ সৌভাগ্যবান যে, আপনার মতো বিশ্বকে অনুপ্রাণিত করা এক নেতা সরকারপ্রধান হিসেবে রয়েছেন।
সফরকালে ইসহাক দার বাংলাদেশের বাণিজ্য ও জ্বালানি উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানিয়ে বলেন, আমি সার্ককে উৎসাহিত করি এবং পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকারের একটি হিসেবে দেখি। তিনি সাংস্কৃতিক বিনিময়ের প্রসঙ্গে বলেন, পাকিস্তানি শিল্পীরা বাংলাদেশে গান পরিবেশন করলে সবাই তাদের প্রশংসা করে এবং এই চেতনার ওপরই আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে।
১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসহাক দার। তিনি জানান, দুই দেশের মধ্যে নৌ ও বিমান যোগাযোগ উন্নত করার প্রচেষ্টা চলছে। তার ভাষায়, অক্টোবরের মধ্যে ফ্লাই জিন্নাহ ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু করবে বলে আশা করা হচ্ছে এবং পিআইএও বেসরকারিকরণের পর ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে। বৈঠকে উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেন, বাণিজ্য বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়াকে আরও স্থিতিশীল ও সমৃদ্ধ করবে। বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।