প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ , ০৩:২২ এএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (৫ নভেম্বর) সরকার প্রধানের দফতর থেকে দেয়া বিবৃতিতে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে।
এতে বলা হয়, 'চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ হামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি লক্ষ্যভ্রষ্ট গুলিতে তিনি আহত হন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।'
বিবৃতিতে বলা হয়, 'সরকার এই অপরাধমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেন অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো শৈথিল্য না থাকে। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। ইতোমধ্যে সিএমপি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।'
এতে আরও বলা হয়, 'অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্তি ও সংযম বজায় রাখতে আহ্বান জানায়, যেন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়।'
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়জীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।